Monday, November 16, 2026
Dhaka, Bangladesh
শিরোনাম
অপরাধ ও দুর্নীতি সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ: চোরাচালান রোধে বড় সাফল্য

সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ: চোরাচালান রোধে বড় সাফল্য

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শ্রী রপন মন্ডল (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ আটক করা হয়। 

মঙ্গলবার দুপুরে উপজেলার চরচিলমারী বিওপির দায়িত্বে থাকা খারিজাথাক মাঠ থেকে তাকে আটক করা হয়। 

আটক রমজান মুন্সীগঞ্জ সদর থানার মৃত সুধির মন্ডলের ছেলে শ্রী রপন মন্ডল। 

মঙ্গলবার বিকালে বিজিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) চরচিলমারী বিওপির দায়িত্বে থাকা এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ উত্তরে, শূন্যলাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠে নিয়মিত টহল চালানো হয়। এতে বাংলাদেশি নাগরিক শ্রী রপন মন্ডলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা আনুমানিক ১ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ (১২ পিস স্বর্ণের বার) উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি আটানব্বই লাখ বাইশ হাজার ছয়শত বিশ টাকা।

এছাড়াও উক্ত ঘটনার সঙ্গে জড়িত নুর আলম সরকার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

বিজিবি অধিনায়ক জানান, বিধি অনুযায়ী মামলা দায়েরপূর্বক আসামিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। বর্ণিত উল্লেখযোগ্য স্বর্ণ উদ্ধার বিজিবির দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারিসহ চোরাচালানি মালামাল আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।